শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থানের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের মতো বিক্ষোভ শেষ করে সড়ক ছেড়ে দেন তাঁরা। তবে রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঐ এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে আজকের কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে 'লংমার্চ টু সচিবালয়' কর্মসূচি পালন করা হবে যদি রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন।

এর আগে গতকাল থেকেই এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নানা অনিয়মের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ করছিলেন শিক্ষার্থীরা। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে সৃষ্ট ক্ষোভ আজ চরম আকার ধারণ করে। গতকাল রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা জানিয়েছিলেন, আজ নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে বেলা তিনটায় 'লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি পালন করা হবে।

সেই ঘোষণা অনুযায়ী বুধবার বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হন এবং সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপর সেখান থেকে লংমার্চ শুরু করে শিক্ষা ভবনের দিকে যাত্রা করেন তাঁরা। কিন্তু শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে সেখানেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম জানান, শিক্ষামন্ত্রী পদে থাকার মতো যোগ্যতা হারিয়েছেন। প্রতিটি প্রশ্নপত্রেই ভুল থাকছে বলে অভিযোগ তাঁর। তিনি প্রশ্ন তোলেন, যাঁরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা পূর্ণ নম্বর পাবেন কিন্তু যাঁরা উত্তর দেননি তাঁদের কী হবে? এভাবে একটি পরীক্ষা পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সেখানেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ইকরা ইসলাম শিক্ষামন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে মন্তব্য করার তীব্র নিন্দা জানান। ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী মো. মেহেদি হাসান জানান, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিকেলে এ শিক্ষার্থীরাও পদযাত্রা শুরু করে শিক্ষা ভবনের দিকে আসেন।

শাহবাগে অবস্থানকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ জানান, শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে শিক্ষামন্ত্রী, তাই তাঁর পদত্যাগ একান্ত প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এই বিক্ষোভ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।