পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে থাকা ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) সম্প্রতি ১৮ সপ্তাহ মেয়াদি ছয়টি ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা ট্রাভেল এজেন্সি—পর্যটন শিল্পের বিভিন্ন পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিটি কোর্সের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস এবং ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস কোর্সে ভর্তি হতে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাকি চারটি কোর্সে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
কোর্সগুলোর মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস, যেখানে অভ্যর্থনা ও ফ্রন্ট অফিসের সার্বিক কার্যক্রম শেখানো হবে। হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস কোর্সে আবাসিক কক্ষ সাজানো, বিছানা তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, লন্ড্রি সেবা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান চালানো এবং টিকিটিং ও ভাড়া হিসাবের কৌশল শেখানো হবে ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস কোর্সে।
আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ ব্যবস্থাপনা, টেবিল সাজানো এবং খাবার-পানীয় পরিবেশনের কলাকৌশল শেখানো হবে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্সে। বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন কোর্সে বেকারি সামগ্রী তৈরি, সাজানো ও সংরক্ষণ পদ্ধতি এবং মূল্য নির্ধারণ শেখানো হবে। আরও রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—শেফ কোর্স, যেখানে দেশি-বিদেশি খাবার ও পানীয় তৈরির পাশাপাশি খাবার সাজানো, সংরক্ষণ ও দাম নির্ধারণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিটি কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে আলাদা। ফ্রন্ট অফিস এবং হাউসকিপিং কোর্সের ফি ৩০ হাজার টাকা, ট্রাভেল এজেন্সি এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্সের ফি ৩৫ হাজার টাকা। বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন কোর্সের ফি ৪০ হাজার টাকা, আর শেফ কোর্সে খরচ হবে ৫০ হাজার টাকা।
প্রতিটি কোর্সে আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব ও আন্তর্জাতিক মানের কারিকুলাম ব্যবহার করা হবে। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিদিন এক ঘণ্টা করে ইংরেজি ভাষা ক্লাস এবং বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে কৃষ্টি-সংস্কৃতি শিক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কোর্স শেষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ থাকবে। সরকারি তত্ত্বাবধানে বিদেশে চাকরিরও সুযোগ মিলতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। প্রতিটি কোর্সের লিখিত পরীক্ষা ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১ অক্টোবর।
বিস্তারিত তথ্যের জন্য ০২২২২২৯৯২৯১ ও ০১৯৯১-১৩৯০১১ নম্বরে যোগাযোগ করা যাবে। ইনস্টিটিউটের ঠিকানা ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী, ঢাকা-১২১৩।




