কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভার ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আজকের নজর দেওয়া হচ্ছে প্রার্থীর আচরণ, উপস্থাপনা এবং মানসিক বুদ্ধিমত্তার প্রকাশের দিকে। পূর্ববর্তী পর্বগুলোতে এই নতুন পদ্ধতির ধারণা, ‘স্টার’ পদ্ধতির প্রয়োগ এবং বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটি মৌলিক পরিবর্তন—এখানে মুখস্থ তথ্যের পরিমাণ নয়, বরং চাপের মুখে প্রার্থীর শান্তি, আত্মবিশ্বাস ও স্বাভাবিকতা যাচাই করা হয়।

নতুন এই ভাইভা পদ্ধতিতে একজন যোগ্য সরকারি কর্মকর্তার সবচেয়ে বড় গুণ হিসেবে বিবেচিত হচ্ছে মানসিক স্থিতিশীলতা ও জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। বোর্ড মূলত প্রার্থীর মানসিক স্বস্তি ও পরিপক্বতা পরীক্ষা করে। অনেক সময় ইচ্ছাকৃতভাবে প্রার্থীর যুক্তির বিরোধিতা করা হয় বা তাঁর বক্তব্য সংশোধনের চেষ্টা করা হয়। এমন অবস্থায় অনড় মনোভাব বা তর্কের পথ পরিহার করতে হবে। ভিন্নমত থাকলেও তা নমনীয়ভাবে উপস্থাপন করতে হয়। যেমন, বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রশংসা করে নিজের মাঠপর্যায়ের সীমিত অভিজ্ঞতার আলোকে ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরা যেতে পারে—‘স্যার, আপনার কথাটি অত্যন্ত গুরুত্ববহ; তবে আমার ছোট কাজের অভিজ্ঞতা থেকে বিষয়টি আমি এভাবে দেখেছিলাম...’। এ ধরনের উত্তর প্রার্থীর আবেগিক বুদ্ধিমত্তা, ধৈর্য ও পেশাদারি মনোভাব ফুটিয়ে তোলে।

ভাইভায় কৃত্রিমতা এড়ানো অত্যন্ত জরুরি। দেশে প্রস্তুতির সময় কীভাবে বসতে হবে, হাত কোথায় রাখতে হবে বা কতটুকু হাসতে হবে—এমন নির্দিষ্ট ছকে শেখানোর প্রবণতা ব্যাপক। ফলে অনেকেই কৃত্রিম রূপ ধারণ করেন। কিন্তু কম্পিটেন্সি বেজড পদ্ধতিতে এই বানানো আচরণ সহজেই ধরা পড়ে। নিজের জীবনের সত্যি অভিজ্ঞতার কথা বলার সময় স্বাভাবিক আচার-ব্যবহার ও শারীরিক প্রকাশ স্বতঃস্ফূর্ত হতে বাধ্য। বোর্ড প্রার্থীর মধ্যে এই সহজ ও স্বাভাবিক রূপই দেখতে চায়।

বোর্ডে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন। সবার চোখে চোখ রেখে কথা বলা সততার পরিচয় বহন করে। তোতাপাখির মতো মুখস্থ না বলে সাধারণ আলোচনার মতো স্বাভাবিক কণ্ঠে কথা বলা উচিত। শরীর শক্ত না রেখে সাধারণ ভঙ্গিতে সোজা হয়ে বসা ভালো। কোচিং কেন্দ্রের এক ছাঁচে ঢালা উত্তরের ওপর নির্ভর করা এখন ক্ষতিকর হতে পারে। কারণ এই পদ্ধতির মূল উদ্দেশ্যই হলো মুখস্থ উত্তরদাতাদের থেকে বাস্তবমুখী চিন্তার অধিকারী প্রার্থীদের আলাদা করা। তাই প্রস্তুত করা উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই; নিজের অভিজ্ঞতার ওপর বিশ্বাস রেখে বাস্তব জীবনের ঘটনাগুলো সততার সঙ্গে গুছিয়ে বলার চর্চা করতে হবে।

বোর্ডে যাওয়ার আগে কয়েকটি গাইডলাইন মনে রাখা জরুরি। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বা সংশ্লিষ্ট অভিজ্ঞতা না থাকলে বিনয়ের সঙ্গে স্বীকার করা ভালো—‘স্যার, এই বিষয়ে আমার জানা নেই।’ উত্তর বানিয়ে বলার চেয়ে এটি অনেক বেশি গ্রহণযোগ্য। এটি সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা নয়; এটি ব্যক্তিত্ব ও সক্ষমতা প্রমাণের স্থান। পুরোনো যুগে প্রধান প্রশ্ন ছিল ‘আপনি কতটুকু মুখস্থ করেছেন?’ কিন্তু নতুন যুগে আসল প্রশ্ন হচ্ছে ‘বাস্তব জীবনে কাজ করার ক্ষেত্রে আপনার মানসিক বুদ্ধিমত্তা কেমন?’ নিজের অভিজ্ঞতার প্রতি সৎ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলাই এই নতুন ভাইভা পদ্ধতিতে সফলতার প্রকৃত চাবিকাঠি।