চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একজন রোগীর চিকিৎসা কেবল ট্যাবলেট বা ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি সহানুভূতিশীল কথা এবং সঠিক দিকনির্দেশনাও বড় ধরনের চিকিৎসা হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, যখন একজন রোগী অসহায় অবস্থায় বিছানায় পড়ে থাকেন, তখন ডাক্তারের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। তাই চিকিৎসকদের নিজেদের এমন মানবিক মানুষে রূপান্তরিত করতে হবে, যারা কেবল ওষুধ নয়, বরং তাদের আচরণ দিয়েও রোগীকে সুস্থ করে তুলতে সক্ষম হবেন। মন্ত্রীর মতে, একজন ডাক্তারের হাসিমুখ এবং সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তিনি উল্লেখ করেন, অসুস্থ ও অসহায় মানুষের শেষ ভরসা হলো একজন চিকিৎসক। দেশে কিডনি ও ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রোগীদের ভয়াবহ কষ্ট সহ্য করতে হয়, যার কোনো সীমা নেই। তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র ওষুধের মাধ্যমে জাতিকে রোগমুক্ত করা সম্ভব নয়। রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধের দিকেও মনোযোগ দিতে হবে এবং শূন্য বয়স থেকেই উদ্ভাবনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে নিপসমের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়। সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমান রাজনৈতিক যুগে শুধু ব্রিজ বা রাস্তাঘাট নির্মাণ করে ভোট চাওয়ার সময় শেষ হয়ে গেছে। এখন মানুষের প্রকৃত প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করতে হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী দেশ গড়ে তুলতে হবে। গ্রামীণ মানুষের স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি। নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।