নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ। তাকে তিন বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬'-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৩ মে কুমিল্লা শহরে টেকসই ও আধুনিক পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত সংস্থাটির দায়িত্ব পেয়ে আশিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, কুমিল্লার জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া এবং আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান মাহমুদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেলে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ১১ জুন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান করা হয় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারীকে। এছাড়া ১৪ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।