দিনাজপুরে থানার ভেতরে পুলিশ পরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জেলা কৃষক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবর রহমান (৫৬) জেলা কৃষক দলের সদস্যসচিব এবং তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।

জানা গেছে, দিনাজপুরের পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান একটি হত্যা মামলার নথি সংগ্রহ এবং পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সাথে আলোচনার জন্য রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানায় যান। তিনি তখন সাদাপোশাকে ছিলেন। ওই সময়ই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে সাক্ষাৎ করতে সেখানে আসেন মজিবর রহমান।

ওসির কক্ষের সামনে মজিবর নওয়াবুরের কাছে ওসির অবস্থান সম্পর্কে জানতে চাইলে নওয়াবুর নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। এরপর মজিবরের সাথে আসা একজন নওয়াবুরকে গালিগালাজ করতে শুরু করে। নওয়াবুর এর প্রতিবাদ করলে মজিবর তাঁকে ডান গালে থাপ্পড় দেন এবং একইসাথে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ। পরে থানার অন্যান্য সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমান ও অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্ত মজিবর রহমানকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী। তিনি বলেন, থানায় এসে পুলিশ সদস্যের গায়ে হাত তোলা এবং হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিকে মজিবর রহমানকে থানা থেকে ছাড়িয়ে নিতে গভীর রাত পর্যন্ত তদবির করতে দেখা গেছে বিএনপির কয়েকজন নেতাকে। পাশাপাশি শ্রমিক সংগঠনের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।