ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলের শিকার হয়েছেন এক নারী। সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ওই নারীকে। তার সাথে সাপটিও নিয়ে যান স্বজনরা, যাতে চিকিৎসায় সুবিধা হয়।
গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারীর নাম চৈতী রানী (৫৫)। তিনি ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।
দেবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম চৈতী রানীর পরিবারের বরাত দিয়ে বলেন, রাত সাড়ে তিনটার কিছু পরে প্রতিবেশী কুলীন চন্দ্র রায় তাকে ফোন করে দ্রুত তাদের বাড়িতে আসতে বলেন। গিয়ে তিনি দেখেন, চৈতী রানীর বাঁ পায়ে সাপে ছোবল দিয়েছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান জানান, ওই নারীর বাঁ পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল এবং সেখানে একটি সাপের দাঁত আটকে ছিল। রোগীর সঙ্গে সাপটি আনার কারণে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। ছোবল দেওয়া সাপটি 'বেন্ডেড ক্রেইট' নামের একটি বিষধর প্রজাতির। এ ধরনের সাপ সাধারণত ঘুমন্ত মানুষকেই কামড়ায়। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান চিকিৎসক।




