প্রায় দুই দশক আগে একটি ট্রেন থেকে নেমে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনেই আশ্রয় নিয়েছিলেন ববি বেগম। বাক প্রতিবন্ধকতায় ভুগছিলেন তিনি। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ ছিল তার বাসস্থান। কোনো পারিশ্রমিক ছাড়াই প্ল্যাটফর্ম পরিষ্কার, শৌচাগার ধোয়াসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন এই নারী। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের কাছ থেকে পাওয়া অর্থ ও খাবারের বেশির ভাগই জমিয়ে রাখতেন তিনি। সেই সঞ্চিত অর্থ লুটের উদ্দেশ্যেই তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত গভীর রাতে পরিত্যক্ত ওই কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয় এবং সব টাকা লুট করে নিয়ে যায় তারা। আক্রমণে তার চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আহত ববি বেগমের পাশে দাঁড়ায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ প্রচণ্ড কাঁপুনি শুরু হলে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার শ্বাসকষ্ট ছিল এবং রক্তচাপ শনাক্ত করা যাচ্ছিল না। স্যালাইন ও অক্সিজেন দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।অ্যাম্বুলেন্সে করে নরসিংদীর পথে যাওয়ার সময় দিবাগত রাত সোয়া একটায় তার মৃত্যু হয়। মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান স্টেশন মাস্টার এস এম জসিম। তিনি বলেন, ববি বেগমকে আগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, পরে অবস্থার হঠাৎ অবনতি ঘটে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম জানান, হাসপাতালে আনার পরও উন্নতি হচ্ছিল না, তাই রেফার করা হয়। কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন, হামলার পর প্রশাসন তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।