রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ রায় দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই দিন তানভীর ইমামকে আদালতে হাজির করে তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম আদালতকে জানান, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে অপরাধীদের গুলি চালানোর নির্দেশ ও আর্থিক সহায়তার সাক্ষ্য প্রমাণ তানভীর ইমামের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। তাই তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করা হয়। পরদিন বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় ১৪ জুলাই গুলশান থানার এই হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর ভুক্তভোগী জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।




