চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে প্রাইভেট কারের গতি রোধ করে এক প্রবাসী যুবকের কাছ থেকে বিপুল অঙ্কের নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে উদ্ধার করেছে ১৭ লাখ ৫০ হাজার টাকা। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ছিনতাইয়ের শিকার প্রবাসী হলেন মো. আহম্মদ উল্লাহ (২৬), যিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। মামলার এজাহার ও পুলিশের বরাতে জানা গেছে, আহম্মদ উল্লাহর কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার উদ্দেশ্যে তার কাছে টাকা পাঠান। মঙ্গলবার তিনি চারটি ব্যাংক হিসাব থেকে মোট ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিনি ইট কেনার জন্য হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটার দিকে রওনা হন।
ঘটনার দিন বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সেবাখোলা এলাকায় পৌঁছালে আহম্মদ উল্লাহকে বহনকারী প্রাইভেট কারের গতি রোধ করে চারজন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দেখিয়ে তারা গাড়ির ভেতরে থাকা আহম্মদ উল্লাহকে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যাগ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহম্মদ উল্লাহ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ওই দিনই আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার মো. জয়নাল আবেদীন (৫২) ছাড়াও মো. শহিদুল ইসলাম (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০) নামে আরও তিনজনকে আসামি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আশপাশের এলাকায় তৎপরতা শুরু করে এবং ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধার এবং পলাতক অন্য তিন আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।




