গৃহঋণ সংক্রান্ত সেবা জোরদার করতে যৌথভাবে কাজ করবে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা যায়, এসইএলের গ্রাহকদের জন্য গৃহঋণ প্রক্রিয়া আরও সহজ এবং সুবিধাজনক করতে এই অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা সাইমুম ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ এবং বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আশরাফুল ইনসান ইভান। অন্যদিকে ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম তানভীর কামাল, ঋণ বিক্রয় বিভাগের প্রধান মো. ফেরদৌস হোসেন পলাশ, বিক্রয় বিভাগের প্রধান মো. গোলাম রসুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ আল মামুন এবং সিনিয়র সেলস টিম ম্যানেজার মো. মাকসুদুল হাসান।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই চুক্তির মাধ্যমে এসইএল ও ডিবিএইচ ফাইন্যান্স নির্ভরযোগ্য ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে গ্রাহকদের বাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুততর করবে। প্রতিষ্ঠান দুটির মতে, এই অংশীদারত্ব গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা এবং ঋণ পাওয়ার পথকে আরও প্রশস্ত করবে।