শুধু গোল করেই নয়, মাঠের বাইরেও আলোচনায় আছেন নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিলাসবহুল হ্যান্ডব্যাগ সংগ্রহ এখন ফ্যাশন বিশ্বের কেন্দ্রবিন্দুতে। প্রায় ১১ কোটি টাকা মূল্যের এই সংগ্রহে রয়েছে একাধিক কাস্টমমেড ও সীমিত সংস্করণের ব্যাগ। ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা আর কাঁধ ছোঁয়া সোনালি চুলের অধিকারী এই স্ট্রাইকার বর্তমানে বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে সবাইকে মুগ্ধ করেছেন। তবে তাঁর স্টাইল-স্টেটমেন্টের সবচেয়ে বড় অনুষঙ্গ হলো দামী হ্যান্ডব্যাগ, যা আধুনিক ফুটবলের ফ্যাশন প্ল্যাটফর্ম হিসেবে তাঁর অবস্থানকে আরও মজবুত করেছে।
হলান্ডের সংগ্রহে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে আরমেস ব্র্যান্ড। এর মধ্যে আরমেস এইচএসি ফোরটি রক নামের ব্যাগটির দাম প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। আরমেস এভারক্যাল্ফ টয়্যাল কার্গো এইচএসি ফোরটির মূল্য ৩৫ হাজার ডলারের কাছাকাছি। অন্যদিকে হারমেস কেলি দিপেশ ২৫-এর দাম প্রায় ১৫ হাজার ডলার। এসব বিরল ও সীমিত সংস্করণের ব্যাগ সংগ্রাহকদের কাছেও অত্যন্ত কাঙ্ক্ষিত। লুই ভিতোঁর সংগ্রহেও পিছিয়ে নেই তিনি। কিপল বদুঁলিয়ে ফিফটি ল্যান্ডস্কেপ ট্রাভেল ব্যাগের মূল্য প্রায় ৭ হাজার ডলার, আর ২০২৩ কিপল বদুঁলিয়ে ফিফটি কমিকস ব্যাগের দাম ৬ হাজার ডলার।
শুধু আরমেস বা লুই ভিতোঁই নয়, হলান্ডের সংগ্রহে রয়েছে শ্যানেল টু থাউজ্যান্ড টোয়েন্টি ফোর/টোয়েন্টি ফাইভ মেতিয়ে দার্ট স্যুটকেস, যার দাম প্রায় ৭ হাজার ৫০০ ডলার। এছাড়া ফরাসি ব্র্যান্ড গোইয়ার-এর জুভঁস এমএম টয়লেট্রি ব্যাগ (প্রায় ২ হাজার ৫০০ ডলার) এবং সাতোলাস জিএম রোলিং স্যুটকেস (প্রায় ১০ হাজার ডলার) আছে তাঁর সংগ্রহে। ভার্জিল অ্যাবলো ‘লোয়েই’ কিপল ফিফটিফাইভ বদুঁলিয়ে ব্যাগটির দাম প্রায় ৮ হাজার ডলার। আর শিল্পী ইয়ায়োই কুসামার সহযোগিতায় তৈরি ইয়ায়োই কুসামা মিনি স্টিমার ব্যাগের মূল্য প্রায় ৫ হাজার ডলার। কিপল বদুঁলিয়ে ফিফটি অরেঞ্জ মনোগ্রাম লেদার ব্যাগটির দাম প্রায় ৬ হাজার ৫০০ ডলার।
প্রকাশ্যে দেখা যাওয়া এসব ব্যাগই তাঁর পুরো সংগ্রহ নয়। ফ্যাশনভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, তাঁর সংগ্রহে আরও রয়েছে একাধিক বিরল হারমেস এইচএসি, ডিওর, বারকিন ও কাস্টমমেড সীমিত সংস্করণের ব্যাগ। সব মিলিয়ে তাঁর বিলাসবহুল ব্যাগ সংগ্রহের মূল্য ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা।
ফুটবলারদের মধ্যে দামী ঘড়ি বা সুপারকারের প্রতি আগ্রহ নতুন কিছু নয়। তবে হ্যান্ডব্যাগকে ব্যক্তিগত স্টাইলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে হলান্ড দেখিয়ে দিয়েছেন, আধুনিক পুরুষের ফ্যাশন-ভাবনায় ব্যাগও সমান গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। তাঁর এই ব্যাগ সংগ্রহ এখন ফ্যাশনপ্রেমীদের বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




