কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মতো জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জামি ডিমনের অর্থনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল শৈশবেই। তবে একটু ভিন্নভাবে—ঘণ্টার পর ঘণ্টা বিনিয়োগ সিমুলেশন খেলায় অংশ নিতেন তিনি নিজের বাবার সঙ্গে। সম্প্রতি দ্য মাস্টার ইনভেস্টর পডকাস্টে উইলফ্রেড ফ্রস্টের সাথে এক সাক্ষাৎকারে ডিমন জানান, তার বাবা তাকে একটি নির্দিষ্ট শিল্পের বিষয়ে ধারণা দিতেন, যেমন রেস্তোরাঁ, এবং বলতেন, 'ঠিক আছে, এটি দেখো। ইতিহাস দেখো। বার্ষিক প্রতিবেদন পড়ো। শিল্পটি নিয়ে পড়াশোনা করো যদি চাও। তুমি এই শেয়ারের জন্য কত দিতে?' এই প্রাথমিক প্রশিক্ষণই ভিত্তি তৈরি করে দেয়। বর্তমানে ৭০ বছর বয়সী ডিমন প্রায় দুই দশক ধরে জেপি মরগান চেজ পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকে পরিণত করেছেন—কিন্তু ব্যবসার মূল্য নির্ধারণের এই দক্ষতা তার বাবার কাছ থেকেই এসেছে, ব্যবসায়িক শিক্ষার অনেক আগে। ওয়াল স্ট্রিটের স্টকব্রোকার থিওডোর ডিমন তার তিন ছেলেকেই বাজার সম্পর্কে শিখতে উৎসাহিত করলেও শুধু জামিই আগ্রহ দেখিয়েছিলেন। তার ভাইদের আগ্রহ কম থাকলেও ডিমন বড় ব্যবসায়িক বাজির দিকে ঝুঁকেছিলেন এবং সিমুলেশন খেলার মাধ্যমেই স্টক নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের মূলনীতি শিখেছিলেন। ডিমন বলেন, 'এটি অত্যন্ত কঠিন। তারপর আপনি 'কেন' শিখতে পারেন।' উচ্চ বিদ্যালয়ে পৌঁছে ডিমনের অবসর সময়ের পড়া ছিল অসাধারণ—তিনি মনোবিজ্ঞান, অর্থনীতি ও হিসাববিজ্ঞানের বই, কাগজ ও প্রতিবেদন পড়তেন। তিনি বলেন, 'আমি উচ্চ বিদ্যালয়ে গ্রাহাম অ্যান্ড ডড পড়েছিলাম—আমি ছিলাম একজন বুদ্ধিজীবী। ফ্রয়েডের সব বই পড়েছিলাম। সব সময়ই এগুলো আত্মস্থ করতাম।' ১৯৭০ সালে মাত্র ১৪ বছর বয়সে বাবার পরামর্শে নিজের প্রথম স্টক কিনেছিলেন ডিমন, এবং আর পেছনে ফিরে তাকাননি। পরে টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ অর্জন করেন। স্নাতক শেষে তিনি ওয়াল স্ট্রিটে প্রথম চাকরি পান আমেরিকান এক্সপ্রেসের তৎকালীন সভাপতি স্যানফোর্ড 'স্যান্ডি' ওয়েইলের সহকারী হিসেবে। ১৯৮৪ সালে ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে ২৮ বছর বয়সী ডিমন বলেছিলেন, 'আমার প্রথম লক্ষ্য ছিল কিছু শেখা এবং যতক্ষণ না আমি মূল্য যোগ করতে পারছি, ততক্ষণ কিছু না বলা।' ওয়েইলের অধীনে এই শিক্ষানবিশই ডিমনের প্রকৃত ব্যবসায়িক বিদ্যালয়ে পরিণত হয়। ১৯৮২ সালে ডিমন ওয়েইলের সহকারী হিসেবে আমেরিকান এক্সপ্রেসে যোগ দেন এবং ১৯৮৬ সালে যখন দুজন ভোক্তা ঋণদাতা কমার্শিয়াল ক্রেডিটের দায়িত্ব নিতে যান, তখন মাত্র ৩০ বছর বয়সে ডিমন সিএফও হন। ওয়েইলের পরামর্শে ডিমন ব্যাংকিংয়ের অভ্যন্তরীণ কার্যপ্রণালী শিখেছিলেন, যা সিটিগ্রুপ ও ব্যাংক ওয়ানে আরও সিনিয়র পদে যাওয়ার পথ সুগম করে। ২০০৪ সালে ব্যাংক ওয়ান জেপি মরগান চেজের সাথে একীভূত হয় এবং ২০০৬ সালে ডিমন জেপি মরগান চেজের প্রধান নির্বাহী হন। বর্তমানে তিনি ২০০৮ সালের আর্থিক সংকট থেকে টিকে থাকা ওয়াল স্ট্রিটের কয়েকজন সিইওর একজন। এজগজ তথ্য অনুযায়ী, দুই দশকেরও বেশি সময় ধরে জেপি মরগানের নেতৃত্ব দিয়ে তিনি সমবয়সীদের তুলনায় ব্যতিক্রম—যাদের অধিকাংশের মেয়াদ এক দশকেরও কম। ব্যাংকটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক এবং ফরচুন ৫০০ তালিকায় ১২তম ও গ্লোবাল ৫০০-এ ১৯তম স্থানে রয়েছে। জেপি মরগানের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির রাজস্ব ছিল ১৮৫.৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫ বিলিয়ন ডলার বেশি। ডিমনের আর্থিক দক্ষতা ব্যক্তিগত সম্পদেও রূপ নিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী তার নিট সম্পদ ৩.২ বিলিয়ন ডলার। এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেছেন যে কখনো ভাবেননি জেপি মরগানের বাজার মূলধন এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে। বরং তিনি শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। তার মতে, 'আমি যদি বলি বিশ্বের বৃহত্তম ব্যাংক হতে চাই, তাহলে সমস্যায় পড়বেন,'—এনএফএলের কিংবদন্তি কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি ও পেটন ম্যানিংয়ের উদাহরণ দিয়ে তিনি ব্যাখ্যা করেন। ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে তিনি বলেছিলেন, প্রতিদিন, প্রতিটি বৈঠকে তিনি ১০০% প্রচেষ্টা দেন। যদিও প্রতিটি চেষ্টাই সফল হয় না, অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'আপনি ব্যাটে দাঁড়িয়ে প্রতিবার হোম রান করতে পারেন না,' তিনি বলেন, 'আপনি কাজ চালিয়ে যান, বিনয়ী থাকুন এবং কঠোর পরিশ্রম করুন।' অর্ধশতাব্দী আগে তার বাবা বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে যে শিক্ষা দিয়েছিলেন, সেটাই আজও মেনে চলেন ডিমন: কাজ করো এবং 'কেন' বুঝো।
শৈশবের কঠিন খেলা শিখিয়েছিল বিনিয়োগের মূলমন্ত্র, জানালেন জেপি মরগানের সিইও
জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জামি ডিমনের বাবা তাকে শৈশবে বিনিয়োগ সিমুলেশন খেলা শেখাতেন। সেই শিক্ষা পরে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকের নেতৃত্ব দিতে সাহায্য করে।


