বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে শুরু হবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই তথ্যকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। তাতে বলা হয়, ‘আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে, তার সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
কমিটি আরও জানিয়েছে, পরীক্ষাসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজেই প্রকাশ করা হয়। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে কমিটি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার—এই পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।




