বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমি ফল আমড়া। সোনালি আপেল নামে পরিচিত এই ফলটি অ্যানাকারডিয়েসি পরিবারভুক্ত। আমড়ায় বিদ্যমান ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও আঁশ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো মেরুদণ্ড সোজা রাখতে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে।
প্রতি ১০০ গ্রাম আমড়ায় ১.১ গ্রাম প্রোটিন, ১৫ গ্রাম শ্বেতসার, ০.১০ গ্রাম স্নেহজাতীয় পদার্থ ও ৮০০ মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। এছাড়া ০.২৮ মিলিগ্রাম থায়ামিন, ০.০৪ মিলিগ্রাম রিবোফ্লাভিন, ৯২ মিলিগ্রাম ভিটামিন সি, ৫৫ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৩.৯ মিলিগ্রাম লৌহও পাওয়া যায়। আমড়ার খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালোরি এবং এতে প্রায় ৯০ শতাংশ পানি ও ৪-৫ শতাংশ কার্বোহাইড্রেট রয়েছে। খনিজ পদার্থের পরিমাণ ০.৬ গ্রাম।
আমড়ার বিভিন্ন উপকারিতার মধ্যে বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ অন্যতম। এতে থাকা প্রচুর ফাইবার হজমশক্তি বাড়ায় এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। খাবারের পর নিয়মিত আমড়া খেলে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।
হিমোগ্লোবিন উৎপাদনে আমড়ার ভূমিকা উল্লেখযোগ্য। এতে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, যা অক্সিজেন পরিবহণ ক্ষমতা বাড়ায়। সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধেও আমড়া কার্যকর। বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে মৌসুমে প্রতিদিন আমড়া খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাড় মজবুত করতে ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমড়া সহায়ক। নিয়মিত খেলে হাড়ের রোগ ও মাংসপেশির খিঁচুনি প্রতিরোধ হয়। ত্বক ভালো রাখতেও আমড়ার জুড়ি নেই। ভিটামিন সি থাকায় এটি ত্বক উজ্জ্বল রাখে এবং ব্রণ কমায়। পেশিশক্তি বৃদ্ধিতেও আমড়া গুরুত্বপূর্ণ। এতে থাকা থিয়ামিন পেশি সংকোচন ও স্নায়ুসংকেত সঞ্চালনে সহায়তা করে, যা পেশির দুর্বলতা দূর করে।
রক্তস্বল্পতা রোধে আমড়ার আয়রন অত্যন্ত কার্যকর। এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। অসুস্থদের মুখের স্বাদ ফিরিয়ে আনতে এবং রুচি বাড়াতেও আমড়া উপকারী। স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে আমড়া রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। দাঁতের সমস্যায়ও আমড়া ভূমিকা রাখে। মায়ো ক্লিনিকের মতে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, পুঁজ ও রক্ত পড়া, ব্যথা, খেতে অসুবিধা, অকালে দাঁত পড়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভিটামিন সি সাহায্য করে। এছাড়া আমড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যাল স্ট্রেসের প্রভাব কমাতেও সহায়তা করে।



