সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তাদের প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন এক আয়ের কর্মসূচি উন্মুক্ত করেছে। ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামের এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র মৌলিক ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে অর্থ প্রদান করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব লেখা, প্রতিবেদন, তোলা ছবি, ভিডিও, মিম বা ইলাস্ট্রেশন। একই সাথে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের পূর্বের ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ফলে এক্সে প্ল্যাটফর্মে প্রচলিত নিম্নমানের কনটেন্ট জনপ্রিয়তা পেলেও তা থেকে আর কোনো আয় সম্ভব হবে না।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কর্মসূচিতে নির্মাতারা তাদের কনটেন্টের মান ও প্রদর্শনের ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারবেন। নিজে তৈরি যেকোনো ভিডিও, ছবি, লেখা বা মিমকেই মৌলিক কনটেন্ট হিসেবে গণ্য করা হবে। তবে অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও এই কর্মসূচির আওতায় আয়ের সুযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে শুধু পুনঃপ্রকাশ করলেই হবে না; বরং সেই কনটেন্টে নিজস্ব বিশ্লেষণ, মতামত বা উল্লেখযোগ্য মন্তব্য যুক্ত করতে হবে। এছাড়াও অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনার মাধ্যমে নতুন কিছু তৈরি করলে সেটিও মৌলিক হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, শুধুমাত্র ক্যাপশন বা ছোট্ট লেখা যোগ করে অন্যের কনটেন্টের বর্ণনা দিলে তা মৌলিক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, অন্যের কনটেন্টে কোনো নতুন মূল্য সংযোজন না করা হলে সেই পোস্ট থেকে আর আয় করা যাবে না।
এই নতুন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্মাতাদের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। দ্বিতীয়ত, তাকে এমন দেশে বসবাস করতে হবে যেখানে এক্সের আয়-কর্মসূচি চালু আছে। তৃতীয়ত, তাকে এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস বা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশনের যেকোনো একটি ব্যবহার করতে হবে। এছাড়াও তার কমপক্ষে ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার থাকতে হবে এবং গত ৯০ দিনে হোম টাইমলাইনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে কমপক্ষে ৫ লাখ ভিউ পেতে হবে। আয়ের হিসাব করার ক্ষেত্রেও কিছু নতুন শর্ত যুক্ত করেছে এক্স। এখন থেকে কনটেন্টের মোট ভিউয়ের মধ্যে শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের মতামতকেই বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, গত মার্চ মাসে এক্স তাদের রেভিনিউ শেয়ারিং কর্মসূচিতে পরিবর্তন এনেছিল। তখন ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দেওয়া বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক তৈরি হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছিল, এসব অ্যাকাউন্টের পরিচালকেরা আসলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না, অথচ তারা দেশটির রাজনীতি নিয়ে পোস্ট করছিলেন। তবে নতুন রিওয়ার্ড প্রোগ্রামে আগের মতো নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কি না, সেটি এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করেনি এক্স। সূত্র: এনগ্যাজেট।




