ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন এক ট্রাস্ট ফান্ড চালু হলো। প্রয়াত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সাংবাদিক ফজলুল হকের স্মরণে এই তহবিল গঠন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজের প্রয়াত বাবার স্মৃতিকে সম্মান জানাতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এই তহবিলের জন্য একটি অনুদানের চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এই ট্রাস্ট ফান্ডের সুদ বা আয় থেকে প্রতিবছর বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীকে তাদের গ্র্যাজুয়েট প্রোডাকশন তৈরির জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুদ এবং রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। এছাড়া বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক রেজানুর রহমান, মীর মাসরুর জামান, আবদুল্লাহ জেয়াদসহ বিভাগের অন্যান্য শিক্ষকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম দাতা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এই ট্রাস্ট ফান্ড বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থী এবং শিল্পাঙ্গনের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর জোর দেন। শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ তৈরি করারও অনুরোধ জানান।

প্রসঙ্গত, প্রয়াত ফজলুল হক ছিলেন একজন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিক। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা রচনা করতেন। ১৯৯০ সালে মাত্র ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী রাবেয়া খাতুনের সাথে দাম্পত্য জীবনে তাদের চার সন্তান রয়েছে, যারা প্রত্যেকে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।