দ্রুত বদলে যাওয়া প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণ সমাজকেই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ হয়ে এলেও এর সাথে সাথে তৈরি হয়েছে বেশ কিছু অভিনব চ্যালেঞ্জ। জ্ঞান এখন আর স্থির বা নির্দিষ্ট কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, পুরোনো দিনের জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে এই নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়েছে, কারণ আগামী দিনের পরিস্থিতি কেমন হবে তা আগে থেকে আন্দাজ করাও দুরূহ। এই পরিবর্তনশীল ইকোসিস্টেমে খাপ খাওয়ানোর সহজাত ও জৈবিক সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তরুণদের সঠিক জ্ঞান ও দক্ষতা প্রদান প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর নতুন নানা সংকট। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, তরুণদের নতুন প্রযুক্তিভিত্তিক জ্ঞান ও দক্ষতা দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ রূপ পায়নি। এ অবস্থায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে তরুণদের কেন্দ্র করে জ্ঞান রূপান্তর ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে এটা প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী তরুণদের সক্ষমতার প্রতি পূর্ণ আস্থাশীল। খেলাধুলার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও দূরদর্শী নীতি গ্রহণ করছে।
‘২০২৬-ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিদেশি অতিথিরা, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন পেশার তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নেন।




