রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট এই ৫০০ শয্যার ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নুরুজ্জামান খান খসরু-সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সভায় বক্তব্য রাখেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে সেখানকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের অঙ্গীকার করে তিনি বলেন, চট্টগ্রামের কোনো ব্যক্তিকে আর চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না; গ্রামের মানুষের কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। সরকারের নীতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গত দুই মাস ধরে প্রস্তুতি চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা-উপজেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠন, পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে ট্যাবলেট সরবরাহ ও উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া পর্যাপ্ত স্যালাইন মজুত, ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসকদের প্রশিক্ষণের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। তাঁর মতে, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে এবং রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণকে জরুরি উল্লেখ করে তিনি জানান, কমপক্ষে চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এজন্য বর্তমান হাসপাতাল থেকে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।