বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। নতুন প্রস্তাবিত আইনের নাম ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’, যা আগের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-কে রহিত করবে। ওই পুরনো আইনটি বিএনপি সরকারের আমলে প্রণীত হলেও কখনো কার্যকর হয়নি। প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার বাস্তবতা বিবেচনায় একটি নতুন, অধিকতর ব্যাপক আইন প্রণয়নের উদ্যোগ নেয়।

শিক্ষামন্ত্রী বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলেন, বর্তমান প্রেক্ষাপটে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রূপান্তর করে বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্ঞানচর্চার প্রসার ঘটবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে।

বিল উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর ফলে বগুড়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।