ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক নারী ও এক শিশুর প্রাণহানি ঘটেছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে গত মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে। বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান নিশ্চিত করেছেন যে, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত নারী সরস্বতী মণ্ডল (৪২) পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী। শিশু সাকিবা আক্তার (৩) একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল দশটার দিকে বাড়ির পাশে কাজ করার সময় অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে দেন সরস্বতী মণ্ডল। গর্তে থাকা একটি বিষধর সাপ তৎক্ষণাৎ তাঁকে কামড় দেয়। স্বজনরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলছিল শিশু সাকিবা। খেলার সময় একটি ইঁদুরের গর্তে হাত দিলে সাপে কামড় দেয় তাকে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ দাবি করেন, সাপে কামড়ানোর কোনো আলামত নেই। পরে শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


