মার্কিন বাজারে ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করছে। নেটফ্লিক্স, ডিজনি ও ইউটিউবের মতো বড় ওটিটি ও টেলিভিশন প্রতিষ্ঠানগুলো ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপের ইংরেজি ও স্প্যানিশ ভাষার স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে। ফিফা ইতোমধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অবহিত করেছে যে, এই স্বত্ব দুটি ভাষার জন্যই একত্রে প্যাকেজ আকারে বিক্রি করা হবে। ফিফা মনে করছে, আলাদা করে না বিক্রি করে প্যাকেজ করলে স্বত্বের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই প্যাকেজের সম্ভাব্য মূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ফিফার সিদ্ধান্তের ফলে স্বত্বের দরপত্রে প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রচার স্বত্বের এই প্যাকেজ ক্রীড়া ও বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে।