মার্কিন ফাস্ট ফুড জায়ান্ট ওয়েন্ডির শেয়ারের দাম বুধবার হঠাৎ করে ১২ শতাংশের বেশি বেড়ে যায়। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়, নেলসন পেলৎজের ট্রায়ান ফান্ড ম্যানেজমেন্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ৭ হাজার শাখা বিশিষ্ট এই রেস্তোরাঁ চেইনটিকে কিনে নেওয়ার জন্য বিড করতে পারে। এমন একটি পদক্ষেপ গ্রহণ করলে সক্রিয় বিনিয়োগকারী হিসেবে পরিচিত পেলৎজ প্রতিষ্ঠানটির পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রায়ানের নেতৃত্বে এই জোটে থাকতে পারে ওয়েন্ডির অন্যতম বৃহৎ ফ্র্যাঞ্চাইজি ফ্লিন গ্রুপ এবং আবুধাবিভিত্তিক ব্লুফাইভ ক্যাপিটাল। ট্রায়ানের হাতে বর্তমানে ওয়েন্ডির ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

গত ফেব্রুয়ারিতে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) একটি আবেদনে পেলৎজ প্রথম জানান, তিনি শেয়ারহোল্ডারদের মূল্য বাড়ানোর বিভিন্ন উপায় খতিয়ে দেখছেন। এর মধ্যে ট্রায়ানের মাধ্যমে "কোম্পানির নিয়ন্ত্রণ" নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তিনি মনে করেন, গত এক বছরে ব্যাপক দরপতন হওয়া প্রতিষ্ঠানটির শেয়ার এখন অবমূল্যায়িত।

যদি পেলৎজ এবার এগিয়ে যান, তবে প্রথমে নিয়ন্ত্রক সংস্থায় একটি ফাইলিংয়ের মাধ্যমে প্রস্তাবটি জমা দেবে ট্রায়ান। এরপর ওয়েন্ডির স্বাধীন পরিচালকরা সিদ্ধান্ত নেবেন যে তারা সরাসরি পেলৎজের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসবেন, নাকি একটি বৃহত্তর নিলাম প্রক্রিয়া শুরু করবেন।

ফাইন্যান্সিয়াল টাইমসকে ওয়েন্ডির পক্ষ থেকে বলা হয়েছে, "ট্রায়ানের জমা দেওয়া যেকোনো প্রস্তাব তারা fiduciary দায়িত্বের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে।" একইসঙ্গে জানানো হয়, শেয়ারহোল্ডারদের মূল্য সর্বোচ্চ করতে পরিচালনা পর্ষদ নিয়মিতভাবে কোম্পানির কৌশলগত অগ্রাধিকার পর্যালোচনা করে থাকে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রকাশের পর ওয়েন্ডির শেয়ারের দাম একপর্যায়ে ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বেলা ১টা ২০ মিনিটের দিকে (ইডিটি) শেয়ারটি ১২.৫ শতাংশের বেশি বেড়ে ৮.৫০ ডলারে লেনদেন হয়।

২০০০-এর দশক থেকেই ওয়েন্ডির ব্র্যান্ডের সঙ্গে জড়িত পেলৎজ। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৫ বছর ধরে দ্য ওয়েন্ডিস কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এর কিছু আগে তিনি শেয়ারপ্রতি ২০.৩০ ডলারে ২৬ লাখ শেয়ার বিক্রি করে নিজের অংশীদারত্ব কমিয়েছিলেন। ২০২২ সালে ওয়েন্ডির ১৯ শতাংশের বেশি শেয়ারের মালিক ট্রায়ান তখন জানিয়েছিল, তারা ফাস্ট ফুড জায়ান্টটি কিনে নেওয়ার সম্ভাব্য চুক্তি বিবেচনা করছে। তবে পরের বছর পেলৎজ জানান, তার তহবল এই অধিগ্রহণের চেষ্টা চালাবে না।

গত ১২ মাসে ওয়েন্ডির শেয়ারের প্রায় অর্ধেক মূল্য হারিয়েছে। তবে জুন মাসে রেডডিট-চালিত মিম স্টক উন্মাদনায় প্রতিষ্ঠানটির শেয়ারে হঠাৎ উত্থান দেখা যায়। রেডডিটের ওয়ালস্ট্রিটবেটস ফোরামে একটি পোস্টে ওয়েন্ডিকে "বাঁচানোর" আহ্বান জানানো হয়। জুন ২২-এর সপ্তাহে কয়েক দিনের মধ্যে ওয়েন্ডির লেনদেনের পরিমাণ ২২ লাখ ডলারে পৌঁছায়, অথচ তার আগের পুরো সপ্তাহে তা ছিল মাত্র ১ লাখ ৯ হাজার ৬০০ ডলার। একই ফোরামের একটি পোস্টে দাবি করা হয়, স্পেসএক্সের চেয়েও ওয়েন্ডির শেয়ার বেশি কার্যকর।

সক্রিয় বিনিয়োগকারী পেলৎজের আনুমানিক নিট সম্পদ ১.৬ বিলিয়ন ডলার। তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ৮.৫ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। ব্যাংক অব নিউইয়র্ক মেলন, ডুপন্ট এবং খাদ্য কোম্পানি মন্ডেলেজ ইন্টারন্যাশনালে অংশীদারত্ব রয়েছে ট্রায়ানের। পেলৎজের ১০ সন্তানের মধ্যে নিকোলা পেলৎজ রয়েছেন, যিনি ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিনের স্ত্রী।