বর্ষার মেঘমেদুর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুল প্রাঙ্গণ জুড়ে বেজে উঠল গানের সুর। ক্যাম্পাসের সংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আয়োজন করল ‘শ্রাবণ মেঘের গান’ শিরোনামের এক বিশেষ গানের আসর। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় এ আয়োজন শুরু হয়, যা চলমান বর্ষার আমেজে দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
আয়োজনে মঞ্চে পরিবেশনা করেন তুহিন কান্তি দাস, সাহস মুস্তাফিজ, নাহিদ হাসান, বাপ্পী নবী, সৈয়দ মিজান, ইলা লালালালা, আন্তনগর ও প্রভাতফেরীসহ ক্যাম্পাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের শিল্পী ও ব্যান্ড দল। তাঁদের সঙ্গে অংশ নেন ডিইউসিএসের নিজস্ব শিল্পীরাও। কেউ কেউ পরিবেশন করেন মৌলিক সৃষ্টি, আবার কেউবা শোনান জনপ্রিয় গানের সুর।
বর্ষা বাঙালির জীবনে শুধু ঋতু নয়—এ যেন আবেগের এক অনন্য রূপ। মেঘের গর্জন, ঝুম বৃষ্টি, ভেজা মাটির গন্ধ আর সবুজের সমারোহ—সব মিলিয়ে বর্ষা হয়ে ওঠে গানের অনুপ্রেরণা। সেই অনুভূতিই মঞ্চে ফুটিয়ে তোলার চেষ্টা ছিল এ আয়োজনে। ডিইউসিএসের উদ্যোক্তারা জানান, বর্ষার সঙ্গে বাঙালির নিবিড় সম্পর্কটাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁরা এ আসরের পরিকল্পনা করেন।
এর আগে ডিইউসিএস আষাঢ় পার্বণ, বর্ষবরণ, বসন্ত উৎসবের মতো নানা ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকলেও এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। নগরজীবনের ক্লান্তি ও যান্ত্রিকতাকে পেছনে ফেলে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য আর গানের সমন্বয়ে দর্শকদের জন্য একটি স্বতন্ত্র সন্ধ্যা উপহার দেওয়াই ছিল মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা। প্রকৃতির ঋতুচক্রের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক চেতনার যোগসূত্রকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।


