প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও কাজের প্রতি উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ‘ফ্যামিলি ডে ২০২৬’-এর আয়োজন করেছে। গত ৫ আগস্ট ঢাকার অদূরে জাজিরা এলাকার পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সঙ্গে সময় কাটান উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ প্রশাসনিক বিভাগগুলোর প্রধান ও কর্মকর্তারা এই আয়োজনে যোগ দেন।

দিনভর চলা এই অনুষ্ঠানে ফান গেম, ফুটবল ম্যাচ এবং সাঁতার প্রতিযোগিতার মতো বিনোদনমূলক কর্মসূচি রাখা হয়। অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের পরবর্তী অংশে র্যাফল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মনোরঞ্জন করে। আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে আনন্দঘন পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি হয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এমন উদ্যোগ কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক কাজের পাশাপাশি এ ধরনের আয়োজন কর্মকর্তাদের মানসিক প্রশান্তি দেয় এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের অনুরাগ আরও দৃঢ় করে।