সম্পর্কের শুরুর দিকে নিজেকে অন্যের কাছে যথাসম্ভব আকর্ষণীয় ও নিখুঁতভাবে উপস্থাপনের যে চাপ দীর্ঘদিন ধরে বিদ্যমান, তা ক্রমেই ডেটিং বার্নআউটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবার সম্পর্ক স্থাপনের চেষ্টা ও সময় ব্যয় করার পরও কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে তুলতে না পারার মানসিক ক্লান্তি এখন জেন-জি প্রজন্মকে ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে 'গবলিনটিমেসি'র মতো ডেটিং ধারা, যা ইতিমধ্যে ট্রেন্ডে পরিণত হয়েছে।

গবলিনটিমেসি শব্দটির উৎপত্তি 'গবলিন মোড' থেকে, যা ২০২২ সালে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল। ইউরোপীয় লোককাহিনীর গবলিন নামক কাল্পনিক প্রাণীটি ছোট, কদাকার ও দুষ্টু স্বভাবের। গবলিন মোড বলতে বোঝায় সমাজের প্রত্যাশা এবং সর্বদা নিখুঁত থাকার বাধ্যবাধকতা উপেক্ষা করে নিজেকে যেমন আছে তেমনিভাবে মেনে নেওয়া। গবলিনটিমেসি ডেটিংয়ে এই দর্শনের প্রয়োগ, যেখানে সম্পর্কের শুরুতেই নিজের প্রকৃত স্বরূপ, ভালো-মন্দ দিক এবং সীমাবদ্ধতা প্রকাশে উৎসাহ দেওয়া হয়।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কবিশেষজ্ঞ ড. লার্ভে জানান, গবলিনটিমেসি মানুষের আত্মপরিচয়ের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিককেই স্বীকৃতি দেয়। যারা ডেটিংয়ে অতিরিক্ত ভালো দেখানোর চাপ এড়িয়ে নিজের মতো থাকতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি ফলপ্রসূ ধারণা বলে মত দেন তিনি।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রাউফুন নাহার এই ধারণা চর্চার সময় কিছু সীমারেখা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তার ভাষ্য, প্রথম দেখা ও পরিচয়ের সময়ে কতটুকু আবেগঘন তথ্য ভাগ করে নেওয়া যায়, তা নির্ধারণ করা দরকার। নিজের শারীরিক সৌন্দর্য ও পারিবারিক অবস্থা সম্পর্কে সৎ থাকা যেমন প্রশংসনীয়, তেমনি অতীত সম্পর্কের স্মৃতিচারণ অন্যের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া (ছদ্মনাম) এই ধারণা নিয়ে নিজের ও তার বন্ধুর অভিজ্ঞতা বর্ণনা করেন। তার এক বন্ধু প্রথম সাক্ষাতেই নিজের পূর্ববর্তী সম্পর্ক ও পারিবারিক পটভূমি সম্পর্কে সততার সাথে তথ্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহিয়ার মতে, সম্পর্কের সূচনায় এ ধরনের স্বচ্ছতা একটি স্বাস্থ্যকর ভিত্তি তৈরি করে।

তবে গবলিনটিমেসি মানে এই নয় যে ডেটে গিয়ে উদাসীন থাকা বা নিজের প্রচেষ্টা না দেখানো। অলসতা ও স্বার্থপরতা এই দর্শনের অংশ নয়। বরং এটি বলে, একটি সফল ডেট নিখুঁত হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সম্পর্কের প্রতি যত্ন, সম্মান ও আন্তরিকতা বজায় রাখার পাশাপাশি নিজের দুর্বলতা ও অগ্রাধিকার নিয়ে খোলামেলা আলোচনাই গবলিনটিমেসির মূল বার্তা।