শনিবার বেলা দেড়টার দিকে মহাখালীর টিবি গেট এলাকার পূর্বপাড়ায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিউটি আক্তার নামের তরুণী ছুরি দিয়ে মামুন ভুইয়ার পেট ও স্পর্শকাতর অঙ্গে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাখালীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সম্পর্কঘটিত বিরোধের জেরেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক মো. তারেক হাসান জানান, ঘটনার পরই বিউটি আক্তারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত মো. মামুন ভুইয়া বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি পাঁচ মাস আগে এ চাকরি পান এবং মাত্র এক মাস আগে যোগদান করেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রামের বাড়িতে থাকেন।

অভিযুক্ত বিউটি আক্তারের বাড়িও একই উপজেলায়। পুলিশ জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সম্পর্ক নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটে।

নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া জানান, মামুন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।