সম্প্রতি একটি অনুষ্ঠানে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে’—এমন একটি মন্তব্য করেন। এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার এক বিবৃতির মাধ্যমে ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের উক্তি ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’। ভবিষ্যতে এরূপ মন্তব্য থেকে বিরত থাকার জন্য ফরহাদ মজহারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ টানা সাড়ে ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর ‘জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যাযজ্ঞ’ চালিয়েছে। সেই বৈরী রাজনৈতিক পরিবেশে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই আন্দোলনের কারণেই দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং হাজারো নেতা-কর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।
উল্লেখ্য, ফরহাদ মজহারের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতের পক্ষ থেকে বক্তব্যটির নিন্দা জানিয়ে প্রকাশিত বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।



