টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে রোববার দুপুরে লম্বা লাইন দেখা গেছে। রিকশাচালক, ফুটপাতের দোকানদার, দিনমজুর ও পথচারীরা হাতে কুপন নিয়ে দাঁড়িয়েছিলেন। মাত্র পাঁচ টাকা দিয়েই তারা ধোঁয়া ওঠা চিকেন খিচুড়ির একটি প্যাকেট পেয়েছেন। নিরালা মোড়ের ফুটপাতের দোকানদার নজরুল ইসলাম জানান, 'এখানে মাসে দুইবার পাঁচ টাকায় খাবার পাই। বিনা মূল্যে দিলে নিতে সংকোচ লাগত। কিন্তু পাঁচ টাকা দিয়ে কিনে খেতে ভালো লাগে।' এই আয়োজনের নাম '৫ টাকার আহার'। এটি পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন 'সর্বদা নির্ভীক ফাউন্ডেশন'।

ভিক্টোরিয়া সড়কের চা-দোকানি জোমেলা বেগম খাবার নিতে এসে বলেন, '৫ টাকায় খাবার পাওয়ায় আমাগো মতো গরিব মানুষের খুব সুবিধা হইছে। নামমাত্র টাকায় পেট ভইরা খাওয়া যায়।' সংগঠনের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো সরকারি সাদত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, '২০২৪ সালে বন্যার সময় বন্ধু শেখ সাদি ও আমি অন্য বন্ধুদের নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি। সে সময় যারা এই কাজে ছিল, তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়। পরে রক্তদান, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চালু করি ৫ টাকার আহার কর্মসূচি।'

সংগঠনের সদস্যরা নিজেরাই খাবার রান্না ও প্যাকেটজাত করেন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৩৭। সভাপতি শাহীন সরকার জানান, সদস্যরা মাসে ১০০ টাকা করে চাঁদা দেন। এ ছাড়া বিভিন্ন শুভাকাঙ্ক্ষীও সহায়তা করেন। সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গণে পাঁচ টাকার বিনিময়ে খাবার বিতরণ করা হয়। কোনো কারণে সেদিন সম্ভব না হলে পরবর্তী সুবিধাজনক দিনে আয়োজন করা হয়। বাজার করা থেকে রান্না, প্যাকেটজাত করা—সব কাজ সদস্যরা নিজেরাই করেন। প্রতিবার ৫০০ থেকে ৮০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কখনো চিকেন খিচুড়ি, কখনো চিকেন বিরিয়ানি।

সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ শিকদার বলেন, 'আমাদের স্বপ্ন মাসে দুই দিন নয়, প্রতিদিনই মানুষের জন্য পাঁচ টাকার আহারের ব্যবস্থা করা। নামমাত্র দামে মানুষ খাবার নিয়ে তৃপ্তিসহকারে খায়। এটা আমাদের খুব ভালো লাগে।' রাস্তায় মানুষের কাছে হাত পেতে চলে কোরবান আলীর জীবন। কখনো খাবার জোটে, কখনো জোটে না। রোববার পাঁচ টাকায় খিচুড়ি কিনে খেতে পেরে তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি বলেন, 'এখান দিয়া যাওয়ার সময় দেখলাম মাত্র ৫ টাকায় খাওন দিতাছে। তাই খাইতে পারলাম।'

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা মনে করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগে সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে কর্মসূচিটি আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে। সামর্থ্যের চেয়ে স্বপ্ন বড়। সেই স্বপ্ন নিয়েই মাসে দুই দিন শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে মানুষের হাতে খাবার তুলে দেন একদল শিক্ষার্থী। তাঁদের বিশ্বাস, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে বড় পুঁজি নয়, প্রয়োজন আন্তরিকতা। আর সেই আন্তরিকতার নাম—'৫ টাকার আহার'।