ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিতে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী ওই হোস্টেলে যান। ডা. জুবাইদা রহমান তাঁর মেডিকেল কলেজের ছাত্রী জীবনে এই হোস্টেলেই অবস্থান করতেন বলে জানা যায়।
স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, আগেকার দিনে জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসার সময় তিনি তাঁকে সামনের সিটে নিজের পাশে বসিয়ে আনতেন। আজও আসার সময় তিনি একই কথা বলেছেন এবং পাশে বসিয়েই তাঁকে শিক্ষার্থীদের কাছে নিয়ে এসেছেন। হোস্টেলের মূল ফটকের সামনে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। তারা প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাদের সবাই যেন নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হন সেজন্য তিনি দোয়া করেন। অন্যদিকে ডা. জুবাইদা রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে। তিনি বলেন, এই ক্যাম্পাসে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে এবং আজ সেসব দিনের কথা খুব মনে পড়ছে। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সব সময় সামনের দিকে তাকাতে হবে এবং জীবনের টানাপোড়েন ও ঘাত-প্রতিঘাতকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। মনের মধ্যে রাগ-ক্ষোভ পুষে না রাখারও পরামর্শ দেন তিনি।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, মেডিকেল কলেজকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। তিনি আশা প্রকাশ করেন, একদিন এই মেডিকেল কলেজ নিয়ে গর্ব করা সম্ভব হবে। সবশেষে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তোলেন, যা ছিল তাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।




