যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩০৬ যাত্রীসহ ঢাকায় ফিরে এসেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করে এবং আজ দুপুর সাড়ে ১২টায় নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এর আগে, কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের এই উড়োজাহাজটি। ওই সময় জাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।
প্রায় আট ঘণ্টা আকাশপথে যাত্রা করার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটটি। সেখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এটি আর উড্ডয়ন করতে পারছিল না। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সমস্যা সমাধানে ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। প্রকৌশলীদের প্রচেষ্টায় উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করে তোলা হয় এবং এরপরই ফ্লাইটটি যাত্রীদের নিয়ে ঢাকার পথে রওনা দেয়।




