বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম অভিযোগ করেছেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা ও অদূরদর্শিতার কারণে সৃষ্ট শূন্যতার সুযোগ নিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে। বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে ‘অভ্যুত্থান-পরবর্তী করণীয় বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিকট রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনা ও আজকের বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আলোচনা সভায় হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রের কাঠামোগত রূপান্তর, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও জনগণের সার্বভৌমত্ব রক্ষার একটি স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছিল। কিন্তু সেই রূপরেখা বাস্তবায়নে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ধারাবাহিকতায় আজকের সরকার গণরায়কেই অস্বীকার করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এবং বিভিন্ন দেশের সাথে জনগণের স্বার্থবিরোধী ‘গোলামির চুক্তি’ স্বাক্ষর—এই সবকিছুই পুরোনো স্বৈরাচারী ও মাফিয়াতান্ত্রিক ব্যবস্থারই ধারাবাহিকতা। দেশের জ্বালানি সার্বভৌমত্ব কখনোই ছিল না উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেটি অর্জনের চেষ্টা না করে বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তাকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রায় দিয়েছিল, তা বাস্তবায়ন করা তো দূরের কথা, বরং জনগণকে জিম্মি করে বহুজাতিক কোম্পানি ও বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অভ্যুত্থানের রক্তক্ষয়ী অর্জনকে এভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না উল্লেখ করে হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগেই তারা সতর্ক করে দিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার যদি সরকারের জবাবদিহিতার কোনো আদর্শ উদাহরণ স্থাপন করতে না পারে, তাহলে অভ্যুত্থানের চেতনা রক্ষা করা সম্ভব হবে না। বর্তমান বাস্তবতা প্রমাণ করছে যে, রাষ্ট্র ও জনগণের সার্বভৌমত্ব রক্ষায় যে সংগ্রাম তারা শুরু করেছিলেন, সেই সংগ্রাম এখন দ্বিগুণ শক্তিতে সম্মিলিতভাবে চালিয়ে যেতে হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।




