রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি আইইডি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনার সাথে জুয়েলের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তার কাছ থেকে এই বোমাগুলো উদ্ধার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার জানান, বিকেল পাঁচটার দিকে তথ্য পাওয়ার পরই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি নিষ্ক্রিয় করে তারা।
এর আগে গত মঙ্গলবার সাভারের হেমায়েতপুর থেকে মোহাম্মদ আরিফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিটিটিসি। পুলিশের ভাষ্য অনুযায়ী, আরিফ নব্য জেএমবির সদস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
এর পরদিন বুধবার সকালে সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠ থেকে একটি প্রেশার কুকার বোমা উদ্ধার হয়, যা পরে নিষ্ক্রিয় করা হয়। এসব অভিযানের ধারাবাহিকতায়ই আজকের এই অভিযান পরিচালনা করা হলো বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।




