তামিল সুপারস্টার ও রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে। সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনার পাশাপাশি বিভিন্ন অভিনয়শিল্পী ও কলাকুশলীর পারিশ্রমিক এখন শিল্পী মহলে চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া রিপোর্ট সূত্রে দাবি করা হয়েছে, প্রধান চরিত্র রূপায়ণের জন্য বিজয় যে অঙ্কের সম্মানী গ্রহণ করেছেন, তা তাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকভোগী অভিনেতাদের তালিকার শীর্ষে বসিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এইচ বিনোথ পরিচালিত পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারটির জন্য বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দাবি করা হচ্ছে, পুরো অঙ্কটি সরাসরি তার পারিশ্রমিক; লাভের অংশীদারিত্বের ভিত্তিতে কোনো চুক্তি ছিল না। যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।
ছবিটি পরিচালনা করে এইচ বিনোথ নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যায়। সংগীত পরিচালনার দায়িত্বে থাকা অনিরুদ্ধ রবিচন্দর, যিনি ‘জওয়ান’ ও ‘লিও’র মতো ব্লকবাস্টারের পর এই প্রকল্পে যুক্ত হন, তার পাওনা নাকি ১৫ কোটি টাকা। ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা পূজা হেগে, যিনি দক্ষিণ ও বলিউড উভয় ইন্ডাস্ট্রিরই পরিচিত মুখ, তার প্রাপ্য অর্থের পরিমাণ ১০ কোটি টাকা বলে জানানো হয়েছে। অপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে ববি দেওলকে। তার পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকার কাছাকাছি।
অন্যান্য সহ-অভিনেতাদের মধ্যে, প্রকাশ রাজ ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা এবং গৌতম বাসুদেব মেননও ৫ কোটি টাকা পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে। এই ছবিকে বিজয়ের অভিনয় ক্যারিয়ারের সমাপ্তিসূচক কাজ বলে গণ্য করা হচ্ছে, কারণ তিনি বর্তমানে চলচ্চিত্র ছেড়ে সম্পূর্ণরূপে রজনীতিতে মনোনিবেশ করেছেন। সিনেমাটির সর্বমোট নির্মাণব্যয় প্রায় ৫০০ কোটি টাকা ধরা হয়েছে।
মুক্তির প্রথম দিনেই অগ্রিম আসন বিক্রির মাধ্যমে ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। দেশের অভ্যন্তরে প্রি-সেলস থেকেই এর আয় প্রায় ৩০ কোটি টাকা স্পর্শ করেছে। বৈশ্বিক পরিমণ্ডলে প্রথম দিনের মোট আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে অবস্থান করছে বলে অনুমান করা হচ্ছে, যেখানে শুধু ভারতের বক্স অফিস থেকেই যোগ হয়েছে আনুমানিক ৭০ কোটি টাকা। এখন দর্শক ও বিশ্লেষকরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত এই মেগাস্টারের শেষ সিনেমাটি শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে কতটা সফল হয়।




