আগামী ৩১ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল স্টুডিওজের প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত এই ছবিটি স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ একক চলচ্চিত্র, যা ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সরাসরি সিক্যুয়েল হিসেবে নির্মিত। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ খ্যাত ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সনি পিকচার্স এই সিনেমার মাধ্যমেই স্পাইডার-ম্যানের একটি নতুন ট্রিলজির সূচনা করতে চায় বলে জানা গেছে।
ছবির গল্প শুরু হবে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার ঠিক সেখান থেকে। ওই ছবির শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যায় এবং তিনি একা হয়ে পড়েন। ‘ব্র্যান্ড নিউ ডে’-এর শুরুর দৃশ্য ‘নো ওয়ে হোম’-এর ৯ মাস পরের সময় নিয়ে নির্মিত হলেও মূল কাহিনি সাজানো হয়েছে চার বছর পরের প্রেক্ষাপটে। এতে পিটার পার্কার নিজের হাতে নতুন স্পাইডার-ম্যান স্যুট তৈরি করে এবং নতুন করে জীবন শুরু করে। টম হল্যান্ড জানিয়েছেন, এই সময়ের ব্যবধান দর্শকদের চরিত্রগুলোর পরিণত রূপ দেখার সুযোগ করে দেবে।
‘ব্র্যান্ড নিউ ডে’ এমসিইউ-এর ফেজ সিক্সের অংশ। এই ধাপে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ ছাড়াও ডিজনি প্লাসের পাঁচটি শো রয়েছে, যার মধ্যে ‘আইজ অব ওয়াকান্ডা’, ‘মার্ভেল জম্বিস’, ‘ওয়ান্ডার ম্যান’, ‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন’ এবং ‘দ্য পানিশার: ওয়ান লাস্ট কিল’ উল্লেখযোগ্য। এই সিনেমার পরই আসবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যা আগামী ডিসেম্বরে মুক্তি পাবে এবং সেখানে মার্ভেলের প্রধান সুপারহিরোদের একত্রিত হতে দেখা যাবে।
২ ঘণ্টা ২৫ মিনিটের এই সিনেমায় দেখা যাবে মূল অ্যাভেঞ্জার সদস্য হাল্ককে। ডিজনি প্লাসের ‘শি-হাল্ক’ সিরিজের পর এটি মার্ভেলের কোনো সিনেমায় তার প্রথম প্রত্যাবর্তন। এছাড়াও জন বার্নথাল ফ্র্যাঙ্ক ক্যাসেল বা দ্য পানিশার চরিত্রে ফিরবেন, যাকে সম্প্রতি ‘দ্য পানিশার: ওয়ান লাস্ট কিল’-এ দেখা গেছে। ছবিটিতে টম হল্যান্ডের আগের সিনেমাগুলোতে না দেখা আরও বেশ কিছু নতুন চরিত্রের আগমন ঘটবে বলে জানা গেছে।




