পাবনার চাটমোহর উপজেলায় ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন নাছের আলী (৪২) নামের এক ভ্যানচালক। বুধবার রাতে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় তিনি দৌড়ে পাশের একটি বাড়ির দরজায় আছড়ে পড়লে সেখানেই মৃত্যু হয় তাঁর।

নিহত নাছের আলীর বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামে। জানা গেছে, তিনি ছাকোলা বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন রাত সাড়ে ১০টার দিকে। পথে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। পরে তারা তাকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে পালিয়ে যায়।

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) নাসের মুন্সী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে। পরে স্বজনরা উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাই করতেই নাছের আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।