কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক দম্পতির প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, বিদ্যুৎপৃষ্টে দম্পতির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।