রোববার বিশ্বকাপ ফাইনাল দেখে নিউ জার্সি থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কাতারের উপহার দেওয়া নতুন প্রেসিডেন্ট বিমানটি আরও এক দফা নিরাপত্তা আপগ্রেডের মধ্য দিয়ে যাবে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি 'ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা' ছাড়া নতুন জেটে উড়ছেন। জবাবে প্রেসিডেন্ট বলেন, বিমানটির যথেষ্ট সক্ষমতা রয়েছে, তবে প্রায় এক মাসের মধ্যেই এটি আরেক দফা উন্নয়নের জন্য যাবে। তিনি আরও বলেন, বিমানটিকে 'ম্যাক্সড আউট' করা হবে এবং এই প্রক্রিয়াটি 'প্রায় এক মাস' সময় নেবে বলে আশা করছেন। তবে ঠিক কী কী আপগ্রেড করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। এক মাসের সময়সীমার মধ্যে বিমানটির নিরাপত্তা ব্যবস্থাকে পুরনো প্রেসিডেন্ট বিমানের সমকক্ষে নিয়ে আসা সম্ভব কিনা, তা নিয়েও স্পষ্টতা নেই। ট্রাম্প যে নতুন বিমানটি পুনরায় আপগ্রেডের সময় পুরনো এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করবেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি। কাতার থেকে উপহার পাওয়া এই বিমানটিকে ট্রাম্প বারবার মানসম্মত বোয়িং প্রেসিডেন্ট বিমানের চেয়ে আরও বিলাসবহুল বলে উল্লেখ করলেও, এই প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে বিমানটিতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নাও থাকতে পারে।
গত সপ্তাহেই নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এয়ার ফোর্স ওয়ানে পুরনো প্রেসিডেন্ট বিমানগুলোর মতো উন্নত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই। ওই প্রতিবেদনের জেরে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক টাইমস ও তার সাংবাদিকদের বিরুদ্ধে সাবপোনা জারি করে। এই সাবপোনার মাধ্যমে টাইমসের সাংবাদিকদের ম্যানহাটনের ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। টাইমস জানিয়েছে, তাদের কাছে এফবিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জাতীয় নিরাপত্তার কথা বলে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা ইস্যুটি ব্যাখ্যা করতে অস্বীকার করেছিলেন।
নতুন কাতারি বিমানটির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এই মাসের শুরুর দিকে, যখন ট্রাম্প তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে এটি ব্যবহার করেন। তবে ফেরার পথে আঙ্কারা থেকে ইংল্যান্ডের সাফোকের রয়্যাল এয়ার ফোর্স মাইল্ডেনহল বেস পর্যন্ত পুরনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেন তিনি। ট্রাম্প দাবি করেন, সেখানে মার্কিন সেনাদের বিমানটি দেখানোর জন্যই পরিবর্তন করা হয়েছিল। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের সাথে নতুন করে সংঘাতের জেরে সিক্রেট সার্ভিসের অনুরোধেই বিমান পরিবর্তন করা হয়েছিল। আঙ্কারা থেকে ফেরার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের পক্ষ থেকে এয়ার ফোর্স ওয়ানের বিরুদ্ধে কোনো 'বিশ্বাসযোগ্য হুমকি' সম্পর্কে তিনি জানেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, 'আমার কাছে সব সময় হুমকি থাকে। আপনার আগে আমিই তাদের তালিকার এক নম্বর। কিন্তু আমি যদি যাই, আপনিও যাবেন... সম্ভবত একদিন আপনিও পেশা পরিবর্তন করতে চাইবেন।'
প্রসঙ্গত, কাতার সরকার মার্কিন প্রেসিডেন্টের জন্য এই বোয়িং ৭৪৭-৮ বিমানটি উপহার দিয়েছিল, যা বর্তমান এয়ার ফোর্স ওয়ান ফ্লিটের মধ্যে সবচেয়ে নতুন। কিন্তু বারবার এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।




