দেশব্যাপী একটি উৎসবমুখর আবহ তৈরির লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ' নামের জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। সোমবার রাজধানীর সচিবালয়ে এ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

উপদেষ্টা জানান, এই টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে। অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত হয়েছে, যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি কারিগরি ও ভকেশনাল ইনস্টিটিউটও অন্তর্ভুক্ত থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর লক্ষ্য ধরা হয়েছে, আর সমগ্র আয়োজনটি ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। স্টিয়ারিং কমিটির সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও উল্লেখ করেন, আগামী দিনের শিক্ষাব্যবস্থা হবে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশের মাধ্যম। সেই চিন্তাকে সামনে রেখেই ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় সারাবছর বিভিন্ন রকমের অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে। তারই অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট নেওয়া হয়েছে।

শিক্ষাব্যবস্থায় ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মাহদী আমিন জানান, শহর ও গ্রামের মধ্যকার শিক্ষার বৈষম্য কমিয়ে আনতেও এ ধরনের উদ্যোগ কাজ করবে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ইচ্ছা রয়েছে সংশ্লিষ্টদের। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।