জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়িতে সিলেটের গোলাপগঞ্জে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম থেকে অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে এ হামলা হয়।

স্থানীয় ও দলীয় সূত্রমতে, পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার শহীদ পরিবারগুলোর সঙ্গে এনসিপির একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সারজিস আলমের নেতৃত্বে গাড়িবহর স্থান ত্যাগ করার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়ের ছোট বোতল ছুড়ে মারে। এ সময় আঘাতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং সেখানে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়। হামলাকারীরা বোতল ছোড়ায় গাড়িতে আঘাত হানার পাশাপাশি পরিবেশ সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়।

শুধু সারজিস আলমের গাড়িই নয়, হামলার শিকার হন এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিয়ুর রহমান মোজাহিদের গাড়িও। এছাড়াও সাতটি শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িও আক্রান্ত হয় বলে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ আহত হয়েছিলেন কিনা, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সময় গাড়ি ও পৌরসভার সামনে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাহারায় সারজিস আলমকে বহনকারী গাড়িটি পরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।