বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে দেশের বিভিন্ন প্রান্তে সহিংস কর্মকাণ্ডে প্ররোচনা দিচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ‘হরিভূমি’-র সাংবাদিক কবিতা যোশী রনধীর জয়সওয়ালের কাছে ভারতের আনুষ্ঠানিক অবস্থান জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের পেছনে নয়াদিল্লিতে অবস্থানরত তাদের রাজনৈতিক প্রভুদের ইশারা রয়েছে। এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী, তা জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।
প্রশ্নের জবাবে রনধীর জয়সওয়াল স্বীকার করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু মন্তব্য করা হয়েছে। তবে তিনি সেই নির্দিষ্ট অভিযোগের কোনো প্রতিক্রিয়া না দিয়ে ভারতের দীর্ঘমেয়াদী বৈদেশিক নীতির কথা মনে করিয়ে দেন। জয়সওয়াল জানান, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক, ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখাই ভারতের সবসময়কার লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের গভীর বন্ধনই এই সম্পর্কের মূল ভিত্তি।
সবশেষে, তারেক রহমানের করা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে জয়সওয়াল স্পষ্টভাবে জানান যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো মতামত প্রকাশ করতে চায় না। তার মতে, এসব মন্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব বিষয়।




