সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, অ্যান্ড্রয়েড ডিভাইসে গোপন অনুপ্রবেশের এক নতুন হুমকি তৈরি হয়েছে। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের এই দূষিত সফটওয়্যারটি ফোনে আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তা পড়তে সক্ষম। এমনকি স্ক্রিনের কার্যক্রম পর্যবেক্ষণ, ক্যামেরা চালু করে ছবি তোলা এবং ডিভাইসের পুরো নিয়ন্ত্রণ দখলের ক্ষমতাও রয়েছে এতে। ব্যবহারকারীদের ভয় দেখাতে পপ-আপ বার্তা, ভিডিও প্রদর্শন এবং অডিও বাজানোর ব্যবস্থাও রয়েছে ম্যালওয়্যারটিতে।
জিম্পেরিয়ামের গবেষকেরা জানান, এটি কোনো সাধারণ ক্ষতিকর প্রোগ্রাম নয়। স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং দূরবর্তী নিয়ন্ত্রণের সব ধরনের সুবিধা একত্রিত হয়েছে এতে। ফলে কোনো ফোনে একবার ঢুকলে ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি ডিভাইসটি হস্তগত করতে পারেন সাইবার অপরাধীরা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন তৃতীয় পক্ষের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ক্ষতিকর এপিকে ফাইল হিসেবে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি। ফিশিং লিংক, মেসেজিং অ্যাপ এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমেও এর বিস্তার ঘটছে।
গবেষকদের সবচেয়ে বড় উদ্বেগ হলো ম্যালওয়্যারটির স্পাইওয়্যার সুবিধা। ফোনে আগত এসএমএস নোটিফিকেশন পড়তে পারে এটি, ফলে অনলাইন লেনদেন বা লগইনের সময় পাঠানো ওটিপিও অপরাধীদের হাতে পৌঁছে যায়। একই সঙ্গে ফোনকলের তালিকা, কন্টাক্ট, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ইনস্টল করা অ্যাপ, অবস্থান এবং গুগল অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়। ব্যবহারকারী স্ক্রিনে কী করছেন, তা গোপনে দেখার সক্ষমতাও রয়েছে — অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন ফিচার কাজে লাগিয়ে স্ক্রিনের ছবি তোলা এবং তথ্য ধারণ করা যায়। এমনকি সামনের ও পেছনের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু করে ছবি তুলে সেগুলো অপরাধীদের কাছে পাঠানোও সম্ভব।
ম্যালওয়্যারটির আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা পুরোনো ডিভাইসগুলোর জন্য। অ্যান্ড্রয়েড ১০ ও পরবর্তী সংস্করণে স্টোরেজ ব্যবস্থাপনার কিছু বিধিনিষেধ থাকায় ফাইল এনক্রিপ্ট করার ক্ষমতা সীমিত হয়ে যায়। তবে নতুন সংস্করণের ব্যবহারকারীরাও যে সম্পূর্ণ নিরাপদ, তা নয়। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, অজানা ওয়েবসাইট বা বার্তায় পাঠানো লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে। পাশাপাশি গুগল প্লে প্রটেক্ট সক্রিয় রাখা এবং অ্যান্ড্রয়েডের নিরাপত্তা আপডেট নিয়মিত প্রয়োগ করার পরামর্শও দেওয়া হয়েছে।




