প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় গুরুতর আহত এক সেনা কর্মকর্তার সঙ্গে দেখা করতেই তাঁর এই সফর। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, সিএমএইচে গিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
গত বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
সিএমএইচে প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। হাসপাতালে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। আহত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। উপ-প্রেস সচিব আরও জানান, দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



