রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর ‘মডেল খাল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এছাড়া সরকার আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এই কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন আনবে। পাশাপাশি এসব খালে বৃষ্টির পানি ধরে রাখা ও নিষ্কাশনের ব্যবস্থাও থাকবে। শুধু পানি ব্যবস্থাপনাই নয়, খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের মতো সমন্বিত কার্যক্রমও যুক্ত হবে। পরবর্তী সময়ে এই মডেল দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টেস্ট রিলিফ (টিআর), জেনারেল রিলিফ (জিআর), ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন সাধিত হয়েছে এবং আর্থিক প্রবাহ সঞ্চারিত হয়েছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ডিআরআরও ও পিআইওরা অংশগ্রহণ করেন। তাদের উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।




