টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী এক যুগের বেশি সময় পর একসঙ্গে পর্দায় ফিরছেন। তাদের অভিনীত নতুন সিনেমা 'দেশু ৭'-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং মুক্তির সঙ্গে সঙ্গেই তা দর্শকদের নজর কেড়েছে। মাত্র দেড় মিনিটের এই টিজারে অ্যাকশন-প্রধান ভূমিকায় দেখা গেছে দেবকে, পাশাপাশি দর্শকরা পেয়েছেন দেব-শুভশ্রী জুটির সেই চিরচেনা রোমান্সের ঝলকও।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের টাকি থেকে নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেব ক্যাপশন দিয়েছিলেন, 'হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।' বাংলাদেশেও যে এই নায়ক-প্রযোজকের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তা বোঝা যায় তার ওই পোস্টের প্রতিক্রিয়া দেখলেই। মাত্র কয়েকদিনে ছবিগুলোতে লাইক ও মন্তব্য এসেছে প্রায় তিন লাখ। অনেক বাংলাদেশি ভক্ত তাকে শুভকামনাও জানিয়েছেন। অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন 'বুনোহাঁস' সিনেমার কথা, যার কিছু অংশের শুটিং হয়েছিল বাংলাদেশে। তবে এবার দেবের আলোচনার কেন্দ্রবিন্দু শুভশ্রীর সঙ্গে তার নতুন ছবি।
টিজারের আরেকটি বড় আকর্ষণ হিসেবে উঠে এসেছে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি। বড় চুল এবং চোখে রোদচশমা নিয়ে ভিলেন চরিত্রে তাকে দেখে প্রশংসা করেছেন অনেকে। প্রায় এক বছর ধরে টালিউড ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে 'নিষিদ্ধ' তালিকায় ছিলেন এই অভিনেতা। 'দেশু ৭' দিয়েই তিনি নতুনভাবে কামব্যাক করছেন বলে মনে করছেন অনেকে।
টিজার প্রকাশের পর সিনেমার প্রথম গান 'তোর শুধু তোর'-এর টিজারও গত শনিবার এসেছে। গানের টিজার শেয়ার করে দুই তারকা লিখেছেন, 'কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।' এই ক্যাপশনের লাইন দুটি যেন অনেক কথাই বলে দিচ্ছে, এমনই মন্তব্য নেটিজেনদের। দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে মন্তব্যের ঘরে।
২০০৯ সালে রাজ চক্রবর্তীর 'চ্যালেঞ্জ' সিনেমা দিয়ে যাত্রা শুরু হয় দেব-শুভশ্রী জুটির। এরপর টানা কয়েকটি সফল সিনেমায় তাদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ২০১৩ সালে 'খোকা ৪২০' মুক্তির পরই এই জুটির সম্পর্কে ফাটল ধরেছিল। দীর্ঘ বিরতির পর 'দেশু ৭'-এর মাধ্যমে তারা আবারও একসঙ্গে কাজ করেছেন। উল্লেখ্য, এই সিনেমাটি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব নিজেও। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




