যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর সিয়েরা ক্যাম্পবেল সম্প্রতি টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে 'অ্যানালগ ব্যাগ' নামের এই নতুন ধারণাটির ব্যাখ্যা দিয়েছেন। এরপরই অনেক ক্রিয়েটর এই নিয়ে ভিডিও বানিয়েছেন এবং ফলোয়াররা বাস্তব জীবনে এটি জনপ্রিয় করে তুলেছেন।
আসলে অ্যানালগ ব্যাগ হলো ছোট আকারের সহজে বহনযোগ্য একটি টোট ব্যাগ, যার ভেতরে ফোনের বদলে সময় কাটানোর বিভিন্ন উপকরণ রাখা হয়। হাই ফ্যাশনের দুনিয়ায় যখন নানা রকম ফ্যান্সি ব্যাগের কদর বাড়ছে, তখন এই ধারণাটি যেন সম্পূর্ণ উল্টো স্রোতে গা ভাসিয়েছে।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পবেল বলেন, এটি মূলত এক ধরনের বিকল্প অভ্যাস। মুঠোফোন যেমন সব সময় হাতের কাছে থাকে, অ্যানালগ ব্যাগটিও তেমনই সঙ্গে রাখা যায়। ফোনে আমরা যেসব কাজ করতে অভ্যস্ত, সেসবের কিছু বিকল্প এই ব্যাগে রাখা থাকে, ফলে ফোন ঘাঁটার অভ্যাস কমে যায়।
তবে এর অর্থ এই নয় যে ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। বরং উদ্দেশ্য হলো ফোনের স্ক্রিন ছাড়াও ভালো বিকল্পের মাধ্যমে সময় কাটানোর অভ্যাস ফিরিয়ে আনা।
অ্যানালগ ব্যাগে কী থাকবে, তা সম্পূর্ণ নিজের পছন্দের ব্যাপার। শুরু করা যেতে পারে একটি সহজ প্রশ্ন দিয়ে — ফোনে সবচেয়ে বেশি কী করা হয়? তার ভিত্তিতে কাজটির বিকল্প খুঁজে নেওয়া যায়। যেমন বারবার সময় দেখলে হাতঘড়ি সঙ্গে রাখা যেতে পারে, ক্যালেন্ডার দেখলে কাগজের প্ল্যানার ব্যবহার করা যায়, খবর পড়লে পত্রিকা বা বই ব্যাগে রাখা যায়।
সব সময় ছবি তোলেন? সঙ্গে রাখা যেতে পারে একটি ছোট ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার পাশাপাশি ফিল্মের ক্যামেরা বা ইনস্ট্যান্ট প্রিন্ট ক্যামেরাও ব্যবহার করা যায়। সৃষ্টির আনন্দ পেতে অরিগ্যামি কাগজ, বুননের উপকরণ, এমব্রয়ডারি, ব্রেসলেট বানানো, কাগজের কারুকাজ, পুঁতির কাজ বা ছোট মডেল তৈরির সরঞ্জামও রাখা যায়। আঁকতে ভালোবাসলে ছোট স্কেচবুক ও পেনসিল, এমনকি ছোট জলরঙের সেটও জায়গা পেতে পারে।
সৃষ্টিশীল কাজ মানেই যে ছবি আঁকা বা হাতের কাজ, তা নয়। ছোট মেকানিক্যাল পাজল, রুবিকস কিউব, সুডোকু বা ক্রসওয়ার্ডও দারুণ বিকল্প হতে পারে। লক্ষ্য অসাধারণ কিছু তৈরি করা নয় — স্ক্রল করার বদলে কিছু বানানো, সমাধান করা কিংবা খেলা।
বন্ধুদের সঙ্গে দেখা হলে লুডো বা দাবার বোর্ড রাখা যেতে পারে। আড্ডার ফাঁকে ফোনের দিকে তাকানোর বদলে লুডো খেলতে খেলতে গল্প করা যায়। ক্যাম্পবেলের পছন্দ ক্রসওয়ার্ড, কারণ এটি আশপাশের মানুষকেও সহজেই আলোচনায় টেনে আনতে পারে।
এছাড়াও একটি ছোট নোটবুক রাখা যেতে পারে — মজার ঘটনা বা অদ্ভুত চিন্তা লিখে রাখার জন্য। মানচিত্র রাখলে পছন্দের এলাকায় ঘুরতে বেরিয়ে ফোনের লোকেশন সাইনের বদলে নিজের কৌতূহলকে পথ দেখানো যায়। পকেট ডিকশনারি, ডাকটিকিট, পুরোনো ছবি বা ছোট সংগ্রহের জিনিসও রাখা যেতে পারে। পাখি, গাছপালা, স্থাপত্য বা স্থানীয় ইতিহাসে আগ্রহ থাকলে ছোট গাইডবুকও জায়গা পেতে পারে।
অ্যানালগ ব্যাগে কী নেবেন তার কোনো নির্দিষ্ট তালিকা নেই। ঋতু বা উপলক্ষ অনুযায়ী নিজের ব্যাগের জিনিস বদলে নেওয়া যায়। যেমন ভ্যালেন্টাইনস ডের সময় ক্যাম্পবেল বন্ধুদের জন্য কার্ড বানাতে স্ক্র্যাপবুকিংয়ের সরঞ্জাম রাখেন। ধারণাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ব্যাগটি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করা যায় — যা করতে ভালোবাসেন, যা শিখতে চান, যা নিয়ে কৌতূহলী, সবকিছুই সেখানে জায়গা পেতে পারে।
অ্যানালগ ব্যাগ ফোন ছেড়ে দিতে বলে না, বরং ফোনের পাশাপাশি কয়েকটি বিকল্প সঙ্গে রাখতে উৎসাহ দেয়। বাসা থেকে বেরিয়ে জরুরি কিছু ভুলে গেলে ফোন করে জানিয়ে দেওয়া যায়, এরপর ফোনটা রেখে দেওয়া যায় ব্যাগের কোণায় বা পকেটে। বন্ধুর অপেক্ষায়, ক্যাফেতে বসে কিংবা যাওয়ার পথে ফোনের বদলে চারপাশটা দেখলে অনেক কিছু চোখে পড়ে, যা আনন্দ দেয়। অ্যানালগ ব্যাগের এই অভ্যাস এমন কিছু দিতে পারে, যার জন্য ফোনটি বের করার প্রয়োজনই হবে না।




