ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে তিনজন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকার শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। তিনি জানান, বোর্ডের সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
সাক্ষাৎকার দেওয়া প্রার্থীরা হলেন— রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
এ সময় মনোনয়ন বোর্ডের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিহ উল্লাহ ও ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়ে যায়। এই আসনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




