বিশ্বের চলচ্চিত্রপ্রেমী, তারকা এবং সাংবাদিকদের উপস্থিতিতে মুখর কানাডার টরন্টো। গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল ২০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। এই উৎসবের দশম দিনে বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় আজ দুপুর ১২টা ১৫ মিনিটে স্কোশিয়াব্যাংক থিয়েটারে উৎসবের মর্যাদাপূর্ণ ‘সেন্টারপিস’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে। বিয়ের আগে সামাজিক চাপের মুখে এক নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও টানাপোড়েনের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়। আন্তর্জাতিক সমালোচকদের পাশাপাশি প্রবাসী বাঙালিদের মাঝেও এই ছবিটির প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

টরন্টো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ নতুন কিছু নয়। রুবাইয়াত হোসেন এর আগে ২০১৯ সালে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে এখানে প্রশংসা পেয়েছিলেন। এছাড়া ২০২৫ সালের উৎসবে তরুণ নির্মাতা অনিবা রহমানের চার প্রজন্মের নারীদের পারিবারিক সংগ্রামের গল্প নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বেলিফুল’ মার্কেট স্ক্রিনিংয়ে দেখানো হয়েছিল। এবারের আসরে ‘ইনফিনিট রিটার্নস’ বিশেষ কিউরেশনেও উপনিবেশ-উত্তর লড়াইয়ের প্রেক্ষাপটে বাংলাদেশের নাম উঠে এসেছে।

সিয়ান হেডার পরিচালিত ‘বিয়িং হিউম্যান’ ছবির মাধ্যমে শুরু হওয়া এবারের উৎসবে মোট ৩০০টি সিনেমা প্রদর্শিত হয়েছে। উৎসবের শেষ পর্যায়ে লস অ্যাঞ্জেলেস টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সমালোচকদের তালিকায় কিছু সিনেমার নাম বিশেষভাবে উঠে এসেছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান পরিচালক লি চ্যাং-ডংয়ের ‘পসিবল লাভ’। ধনী ও দরিদ্রের মধ্যকার সামাজিক ব্যবধান নিয়ে তৈরি এই ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবের পর এখানেও ব্যাপক প্রশংসা লাভ করেছে।

এছাড়া দর্শকদের মুগ্ধ করেছে নির্মাতা ওয়ার্নার হারজগের ‘বাকিং ফাস্টার্ড’, যেখানে রুনি মারা ও কেট মারার অভিনয় প্রশংসিত হয়েছে। জেসি আইজেনবার্গের কমেডি সিনেমা ‘দ্য ডেবিউ’-তে জুলিয়ান মুরের অভিনয় বিশেষ নজর কেড়েছে। আলোচনায় রয়েছে ক্রিস রকের ‘মিস্টি গ্রিন’ এবং টিম ব্লেক নেলসনের ব্যতিক্রমী চলচ্চিত্র ‘দ্য লাইফ অ্যান্ড ডেথস অব উইলসন শেড’।

বাণিজ্যিক দিক থেকে বড় চমকটি এসেছে ‘মিডনাইট ম্যাডনেস’ প্রদর্শনীতে। জোশুয়া গিলিয়ানোর ভৌতিক সিনেমা ‘রিভার’ প্রদর্শনের পরপরই কোটি ডলারে এর পরিবেশনা স্বত্ব বিক্রি হয়ে যায়। পাশাপাশি ডিজিটাল যুগের আগের প্রকাশনা জগতের নস্টালজিয়া নিয়ে নির্মিত ‘ম্যাগাজিন’ সিনেমাটি তরুণ প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করেছে। রয় থমসন হল, প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার এবং টিফ লাইটবক্সের মতো বড় প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাপক উদ্দীপনা বজায় রয়েছে। রুবাইয়াত হোসেনের নতুন ছবির মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের আরও একটি সাফল্যের গল্প যুক্ত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।