অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে মাত্র ১ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটি। টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এইচপি, যেখানে বিভিন্ন দেশের ইমার্জিং ও ‘এ’ দলের মুখোমুখি হয়েছে তারা।

৯টি দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরের লিগ পর্বে ৬টি ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি, ভিক্টোরিয়া, নিউজিল্যান্ডের ‘এ’ দল, পাকিস্তানের হায়দরাবাদ কিংসমেন এবং নেপালের বিপক্ষে জয় তুলে নেয় তারা। একমাত্র পরাজয়টি অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে। তবে সেমিফাইনালের বাধা পেরোতে না পারায় ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যায়।

ব্যক্তিগত পারফরম্যান্সে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। পাওয়ারপ্লেতে বল হাতে নিয়ে এই স্পিনার ৭ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছেন, যা পুরো টুর্নামেন্টেরই সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের জেইডন লেনক্সের চেয়ে ১০ উইকেট বেশি তাঁর। সেমিফাইনালে হারের ম্যাচেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ৩০ বছর বয়সী এই বোলার। বোলারদের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম, যিনি ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। পেসারদের মধ্যে রিপন মণ্ডল ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে এগিয়ে রয়েছেন, আর আবদুল গাফফার সাকলাইন ৭ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক আরিফুল ইসলাম। ৭ ম্যাচে ২১৯ রান করেছেন তিনি, যার মধ্যে দুটি ফিফটি রয়েছে। ১৩৮.৬০ স্ট্রাইকরেটে খেলা এই ব্যাটসম্যান সামগ্রিক তালিকায় তৃতীয় স্থানে আছেন। সাবেক জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানও ৭ ম্যাচে ১৮৪ রান করেছেন, যেখানে দুটি ফিফটি এবং স্ট্রাইকরেট ১২৪.৩২। এই তালিকায় তিনি পঞ্চম স্থানে।

তবে কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স হতাশাজনক। জাতীয় দলের নিয়মিত সদস্য শামীম হোসেন ৬ ইনিংসে মাত্র ১০৭ রান করেছেন, যার ৫১ রান এক ম্যাচ থেকে এসেছে। জিসান আলম ৬ ম্যাচে ১০২ রান এবং হাবিবুর রহমান ৭ ম্যাচে মাত্র ৮৫ রান করেছেন। অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাটিংও ছিল দুর্বল—৬ ইনিংসে মাত্র ৭২ রান। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তাঁর কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল, যা পূরণ হয়নি। শেষ পর্যন্ত দলও ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলো।