ভারতের ভবিষ্যৎ সম্ভাবনা সমৃদ্ধ ১০০ ব্যক্তিত্বের একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রথমবারের মতো প্রকাশিত এই 'টাইম১০০ নেক্সট ইন্ডিয়া' তালিকায় স্থান পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী বিস্ময়বালক ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিনোদন, ব্যবসা এবং খেলাধুলাসহ বিভিন্ন খাতের প্রভাবশালীদের নিয়ে তৈরি এই তালিকায় বৈভবকে রাখা হয়েছে 'ইনোভেটরস' বিভাগে। একই বিভাগে তাঁর সঙ্গে রয়েছেন বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। অন্যদিকে, অভিনেত্রী আলিয়া ভাট স্থান পেয়েছেন 'আর্টিস্টস' বিভাগে এবং সাময়িকীটির প্রচ্ছদে দেখা গেছে তাঁর ছবি।
বৈভবের এই অর্জন সম্পর্কে অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন যে, বৈভব সূর্যবংশী বর্তমান ভারতের এক নতুন প্রতীক। মাঠে তাঁর ব্যাটিং শৈলী এবং ক্রীড়াপ্রতিভা প্রমাণ করে যে, যারা গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে কাজ করতে পারে, ভবিষ্যৎ তাদেরই।
খেলাধুলা খাতের প্রতিনিধিদের সংখ্যা এই তালিকায় সীমিত। ক্রিকেটার হিসেবে বৈভবের পাশাপাশি স্থান পেয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়া ক্রীড়াজগতের আরও কয়েকজন পরিচিত মুখ হিসেবে রয়েছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, সানিয়া মির্জা, অ্যাথলেট ভিথিয়া রামরাজ এবং হকি গোলরক্ষক সবিতা পুনিয়া।
তালিকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আরিয়ান খানের পরিচিতি লিখেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ এবং আলিয়া ভাট সম্পর্কে লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। উল্লেখ্য, 'টাইম১০০ নেক্সট ইন্ডিয়া' হলো টাইমের আন্তর্জাতিক 'টাইম১০০ নেক্সট' প্রকল্পের প্রথম ভারত-কেন্দ্রিক সংস্করণ। এটি কোনো র্যাংকিং বা ক্রমতালিকা নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে প্রভাব ফেলার সম্ভাবনা যাচাই করে সাময়িকীটির সাংবাদিকেরা এই ১০০ জন ব্যক্তিকে নির্বাচন করেছেন।




